২২৮ আইএসপি লাইসেন্স বাতিল
লাইসেন্সিং গাইডলাইন না মানায় ২২৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (৫ জুন) বিটিআরসি’র ওয়েব সাইটে বাতিল করা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪টি ন্যাশন ওয়াইড লাইসেন্সধারীর নামও রয়েছে। এছাড়াও ৩৮টি জোনাল এবং বাকিগুলো ক্যাটাগরি আইএসপি।
বিটিআরসি পরিচালক নূরন্নবী স্বাক্ষরিত লাইসেন্স বাতিল চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে এসব আইএসপি লাইসেন্স রূপান্তর করেনি। লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান লঙ্ঘন করায় এসব লাইসেন্স বাতিল করা হলো। এছাড়াও এসব আইএসপির অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইস্যু করা লাইসেন্স ১০ কর্মদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।
তবে বিটিআরসির দেওয়া বাতিল নোটিশের ভিত্তিতে এখনো তেমন কোনো প্রতিষ্ঠান আইএসপিএবিকে অফিসিয়াল অভিযোগ বা নোর্টিশ করেনি বলে জানিয়েছেন আইএসপিবি সভাপতি ইমদাদুল হক। বাতিল প্রতিষ্ঠানগুলো আইএসপিএবি’র সদস্য নয় বলেও জানান তিনি।





